ফোক স্টুডিও বাংলায় প্রকাশ পেল কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’
- আপডেট সময় : ০৩:৫৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

![]()
বিনোদন ডেস্ক | Biborton Times : আদি ফোক সংগীতকে নতুন আবহে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে এটিএন বাংলা। ১০০ শিল্পীর ৪০০ গান নিয়ে শুরু হয়েছে তাদের বিশেষ আয়োজন ‘এটিএন ফোক স্টুডিও বাংলা’।
এই ধারাবাহিকের অংশ হিসেবে প্রকাশ পেয়েছে নতুন গান ‘তোর পিরিতের বিষে’, যেখানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। গানটির কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ। এটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটিএন ফোক স্টুডিও বাংলার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
![]()
গানটি নিয়ে কাজল আরিফ বলেন, ‘তোর পিরিতের বিষে’ গানটি আশা করি সবার ভালো লাগবে। অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার ও সুরকার মান্নান মোহাম্মদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দেশের ফোক গানগুলোকে নতুন আঙ্গিকে তুলে ধরতে এটিএন বাংলার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
মান্নান মোহাম্মদ জানান, ‘এটিএন বাংলা সব সময় সুস্থ সংস্কৃতি লালন করে। দেশের শিকড়ের গানগুলোকে আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে মিশিয়ে উপস্থাপন করার লক্ষ্যেই এই আয়োজন। এখানে শুধুমাত্র প্রকৃত শিল্পীরাই সুযোগ পাবেন।’
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করছেন সংগীতজ্ঞ মান্নান মোহাম্মদ, তার সঙ্গে রয়েছেন পুত্র সানি মোহাম্মদ, যিনি লন্ডন থেকে সংগীত শিক্ষা সম্পন্ন করে দেশে ফিরেছেন।
![]()
জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। এরপর থেকে তিনি নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে আসছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে দ্বৈত গান ‘বর্ষাবরণ’।










