কলকাতার জনপ্রিয় শিল্পী অনুপম রায়ের ঢাকায় আয়োজিত কনসার্ট আবারও স্থগিত করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে অনুষ্ঠান বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

বুধবার (২৯ জুলাই) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামে কনসার্ট হওয়ার কথা ছিল। প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিতে হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, শিল্পী, স্পন্সর ও সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আয়োজকরা বলেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়ে তারা কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন।